নিজস্ব সংবাদদাতা, আড়ষা, বুধবার, ৬ জুলাই ২০২২ঃ

বর্ধমানের একটি বেসরকারি পোলট্রি চিকস ও ফিড কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দুই লক্ষাধিক টাকার মুরগি আড়ষার এক ব্যক্তি চুরি করে নিয়েছে বলে অভিযোগ। সোমবার আড়ষা থানায় ওই বেসরকারি কোম্পানির আধিকারিক প্রনব রায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, আড়ষা থানার উপাজারির বাসিন্দা পদ্মলোচন কুমার ওই কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ১০৮১ টি মুরগি চুরি করে। চুরি যাওয়া মুরগির বাজার মূল্য ২ লক্ষ ১৯ হাজার ৬৫৯ টাকা বলে দাবি ওই বেসরকারি কোম্পানির। বিবরণে জানা গিয়েছে, উপাজারির বাসিন্দা পদ্মলোচন কুমার ওই কোম্পানির কাছ থেকে মুরগির বাচ্চা, খাবার ও ওষুধ নিয়ে কমিশন ভিত্তিতে বাচ্চা গুলিকে বড় করে ফেরত দেওয়ার ব্যবসায়ীক চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গত এপ্রিল মাসের ১৪ তারিখ খাবার ও ওষুধ সহ ১৫৬৪ টি মুরগির বাচ্চা কোম্পানি পদ্মলোচন কুমারের ফার্মে পাঠায়। যার মধ্যে ৭০ টি বাচ্চা স্বাভাবিক রোগ জনিত কারনে মারা যায় বলে জানা গিয়েছে। এরপর মে মাসের ১৯ তারিখ কোম্পানির প্রতিনিধিরা পদ্মলোচন কুমারের ফার্মে এলে মাত্র ৪১৩ টি মুরগি দেখতে পান বলে দাবি। আরো দাবি, বাকি ১০৮১ টি মুরগির বিষয়ে জিজ্ঞাসা করলে পদ্মলোচন কুমার কোন সদুত্তর দিতে পারেননি। এরপরই কোম্পানির সন্দেহ হয় পদ্মলোচন কুমার বিশ্বাসঘাতকতা করে ওই দুই লক্ষাধিক টাকার মুরগি চুরি করেছেন। সোমবার গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আড়ষা থানায় লিখিত অভিযোগ করেন কোম্পানির লিগাল সেলের আধিকারিক প্রনব রায়।

শেয়ার করুন

You cannot copy content of this page