নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ঃ

তিনটি চুরির মোটরবাইক সহ তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল ঝালদা থানার পুলিশ। ঘটনা মঙ্গলবারের। ঘটনার বিবরণে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ৩ টা নাগাদ ঝালদা পুলিশের কাছে গোপন সূত্র মারফত খবর আসে গোলা রাস্তা ধরে তিনটি চুরির মোটরবাইক নিয়ে তিনজন ঝালদা শহরের দিকে আসছে। এমনকি ওই গোপন সূত্রে বাইক তিনটির বিস্তারিত বিবরণও জানতে পারে ঝালদা থানার পুলিশ। এরপরই ঝালদা থানার একটি পুলিশ দল ওই রাস্তার উপর মাহাতমারা মোড়ে নাকা চেকিং চালু করে। বিকেল ৪ টা নাগাদ তিনজন তিনটি মোটরবাইক সহ ঝাড়খণ্ডের দিক থেকে গোলা রাস্তা দিয়ে নাকা চেকিং পয়েন্টে পৌঁছয়। কর্তব্যরত পুলিশ দলের সদস্যরা দেখেন সূত্র মারফত পাওয়া বাইক তিনটির বিবরণ ওই বাইক তিনটির সঙ্গে মিলে যাচ্ছে। এরপরই তিনটি বাইকের তিন আরোহীর কাছ থেকে মোটরবাইক তিনটির বৈধ নথি দেখতে চায় পুলিশ। তবে ওই তিনজন কোন নথিই দেখাতে পারে না বলে দাবি পুলিশের। বারংবার পুলিশের এই প্রশ্নে বরং তারা অসংলগ্ন উত্তর দিতেই পুলিশের সন্দেহ দৃঢ় হয়। এরপরই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জানা গিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে ওই তিনটি চুরির মোটরবাইক তারা ঝাড়খণ্ড থেকে নিয়ে আসছে। তাদের উদ্দেশ্য ঝালদা ও কোটশিলা বাজারে এগুলিকে বিক্রি করা বলেও ওই তিনজন স্বীকার করে। এরপরই তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনের একজন ঝালদা থানার মাধোপুরের ইসলাম আনসারি (২৪) এবং অপর দুজন ওই থানার অন্তর্গত হুসেনডির বাসিন্দা আইতুল্লা খান (৩০) ও সামিউল্লা খান ওরফে কিসমত (৪৯)।

শেয়ার করুন

You cannot copy content of this page