নিজস্ব সংবাদদাতা, আড়ষা, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ঃ

ভারত গ্যাস, এইচ পি গ্যাস সহ একাধিক সরকার অধিগৃহীত কোম্পানির গার্হস্থ্য (ডোমেস্টিক) রান্নার গ্যাসের অবৈধ রিফিলিং-এর কারবার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল আড়ষা থানার পুলিশ। ঘটনা মঙ্গলবারের। আড়ষা থানা সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম ভৈরব চন্দ্র কুমার। বাড়ি আড়ষা থানার পলপলে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার পলপলে ওই ব্যক্তির ঘর সংলগ্ন দোকানে অভিযান চালিয়ে ওইসব রান্নার গ্যাস কোম্পানির বহু সংখ্যক ভর্তি ও খালি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, বিভিন্ন ধরনের নোজল ও সিলিন্ডার রিফিলিং-এর নানান সরঞ্জামও বাজেয়াপ্ত করে আড়ষা থানার পুলিশ। ওই সমস্ত গ্যাস সিলিন্ডার ও সরঞ্জামের কোন বৈধ নথিও সে দেখাতে পারেনি। এমনকি গ্যাস সিলিন্ডার রিফিলিং-এর কোন বৈধ লাইসেন্সও তার কাছে নেই। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে পুলিশ জানতে পারে যে, ওই ব্যক্তি দীর্ঘ সময় ধরে বড় বড় গ্যাস ভর্তি সিলিন্ডার খালি করে ছোট ছোট সিলিন্ডার রিফিলিং-এর অবৈধ কারবার করত। পুলিশি জিজ্ঞাসাবাদে মঙ্গলবার ভৈরব চন্দ্র কুমারও নিজের দোষ স্বীকার করে নেয় বলে পুলিশের দাবি।

শেয়ার করুন

You cannot copy content of this page