নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ঃ
মাটির নিচ থেকে কবর দেওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল সুইসা-তুনতুড়ি অঞ্চলে। আজ, বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ওই মৃতদেহটি মাটি খুঁড়ে থেকে তুলতে বাঘমুন্ডি ব্লক প্রশাসন, ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক ও বাঘমুন্ডি পুলিশ আধিকারিকদের সঙ্গে উপস্থিত থাকলেন জেলা পুলিশের আধিকারিকও।
জানা গিয়েছে, আজ, বাঘমুন্ডির সুইসা-তুনতুড়ি অঞ্চলের শালডাবরা গ্রামের বাঁশটাঁড় টোলা সংলগ্ন সুবর্নরেখা নদী-তীরের পাশে মাটির নিচে কবর দেওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, স্থানীয় কয়েকজন বাসিন্দা এদিন ওই এলাকায় সুবর্নরেখার তীরে প্রাতঃ ভ্রমনে গেলে নদী-তীরে রক্ত ও জামা কাপড় পড়ে থাকতে দেখেন। তার পাশেই এক স্থানে মাটি খুঁড়ে আবার চাপা দেওয়া কবরের মতও দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে স্থানীয় সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমে খবর দেন সুইসা ফাঁড়িতে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সুইসা ফাঁড়ির পুলিশ। এরপর দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে এক যুবকের মৃতদেহ দেখতে পায় পুলিশ। তারপর মাটির নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এদিন মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করার সময় উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল এস পি (অপারেশন) চিন্ময় মিত্তাল, এসডিপিও ঝালদা সুব্রত দেব, বিডিও বাঘমুন্ডি দেবরাজ ঘোষ, বাঘমুন্ডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ সিংহ, সুইসা ফাঁড়ির আধিকারিক সুব্রত সরকার প্রমুখ। এদিন খবর ছড়িয়ে পড়তেই ব্যপক চাঞ্চল্য ছড়ায় সুইসা অঞ্চলে। আশপাশের এলাকা থেকে মানুষ এসে ভিড় জমান ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহটি গাগী গ্রামের বাসিন্দা পরিক্ষিত সিং মুড়া (২০)-র। মৃতদেহটি উদ্ধার করে এদিনই পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এদিকে কে বা কারা এইভাবে তাকে মারল সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাজুড়ে। ঘটনার জোর তদন্ত শুরু করেছে পুলিশ।

