নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ঃ
করোনা কালে বন্ধ হয়েছিল ট্রেন। পরে লকডাউন পরিস্থিতি উঠে যেতেই স্বাভাবিক হয় ট্রেন চলাচল। কিন্তু করোনা পরিস্থিতির আগে যেসমস্ত ট্রেন বরাভূম স্টেশনের ওপর দিয়ে চলাচল করত, সেগুলির মধ্যে বেশ কয়েকটির চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। অন্যদিকে আবার বেশ কয়েকটি ট্রেন চলাচল করলেও সেগুলির স্টপেজ এই স্টেশনে বন্ধ হয়ে যায়। যার ফলে বরাভূম স্টেশন ব্যবহার করে ট্রেন ধরে কর্মস্থলে যাতায়াতকারী নিত্যযাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বৃহস্পতিবার বলরামপুর সহ আশপাশ এলাকার নিত্যযাত্রীরা বরাভূম স্টেশন ম্যানেজারের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেন ম্যানেজারকে। তাঁদের বক্তব্য, করোনা পরবর্তী সময়ে বরাভূম স্টেশনে টাটা-ধানবাদ সুবর্নরেখা এক্সপ্রেস কিংবা টাটা-দানাপুর ট্রেনের স্টপেজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এদিন নিত্যযাত্রীরা বরাভূম স্টেশনে এই দুটি ট্রেনের স্টপেজের দাবি জানান। অন্যদিকে তাঁদের আরো বক্তব্য, পুরুলিয়া-ঝাড়গ্রাম লোকাল ট্রেনটি ধরে আদ্রা, আনাড়া, পুরুলিয়া থেকে বহু সংখ্যক নিত্যযাত্রী বলরামপুরের বিভিন্ন বিদ্যালয়ে বা অন্যান্য সংস্থায় প্রতিদিন তাঁদের কাজে আসতেন। কিন্তু করোনা পরবর্তী সময়ে রেল কর্তৃপক্ষ সেই ট্রেন বন্ধ করে দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন তাঁরা। এই ট্রেনটি পুনরায় চালু করার উদ্দেশ্যেও এদিন নিত্যযাত্রীরা জোর দাবি তোলেন।
