নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৮ জুলাই ২০২২ঃ
করোনা আক্রান্ত হলেন পুরুলিয়া দেবেন মাহাত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৫৮ জন ডাক্তারি পড়ুয়া। প্রত্যেকেই মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে। এদিন মেডিক্যাল কলেজের এম এস ভি পি সুকমল বিষয়ী জানান, আজ, শুক্রবারই কলেজের প্রথম বর্ষের ৩৯ জন পড়ুয়ার দেহে করোনা সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছে। এদিন ৮২ জন পড়ুয়ার কোভিড পরীক্ষা করা হয় বলেও জানান তিনি। গতকাল, বৃহস্পতিবারও ১৯ জন পড়ুয়ার দেহে করোনা সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরো জানান, পরবর্তী কোন নোটিশ না দেওয়া পর্যন্ত অনলাইনে চলবে প্রথম বর্ষের ক্লাস। পড়ুয়াদের পরীক্ষার ব্যবস্থাও অনলাইন করা হয়েছে। ইতিমধ্যে প্রথম বর্ষের পড়ুয়াদের হোস্টেল ফাঁকা করে দিতেও বলা হয়েছে বলে এদিন জানিয়েছেন মেডিক্যাল কলেজের এমএসভিপি। তিনি বলেন, অবিলম্বে পুনরায় কঠোরভাবে কোভিড বিধি মেনে চলার বিষয়ে কর্তৃপক্ষ বিভিন্ন প্রচার ছাড়াও অন্যান্য পদক্ষেপ নিতে শুরু করছে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সুকোমল বিষয়ী।


