নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ১০ জুলাই ২০২২ঃ
বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। রবিবার বিকেল ৩ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার কেরোয়া অঞ্চলের কুমারডি এলাকায়। দুর্ঘটনার পরই ওই যুবকের পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি উদ্ধার করে বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কুমারডি এলাকার একটি মাঠে গবাদি পশু নিয়ে গিয়েছিলেন।ঠিক তখনই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির শুরু হয়। আচমকা ওই যুবকের ওপর বাজ পড়ে বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ললিত কুমার। বয়স আনুমানিক ৩৮ বছর। বাড়ি বলরামপুর থানার কেরোয়া অঞ্চলের কুমারডিতে। আগামীকাল, সোমবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে তবে এরকম আকস্মিক দুর্ঘটনা জনিত মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
