নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ঃ

৬৫ বস্তা অবৈধ রেশনের মাল (গম) সহ একটি মালবাহী পিকআপ ভ্যান আটক করল ঝালদা থানার পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে ঝালদা শহরের বড়তলে নতুন পুলিশ স্টেশনের কাছে। জানা গিয়েছে, সোমবার বিকল পাঁচটা নাগাদ ওই এলাকায় থানার এএসআই শিশির কুমার গোপের নেতৃত্বে ঝালদা থানার একটি পুলিশ দল ডিউটি রত ছিল। সেসময়ই ওই পুলিশ অফিসারের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে, একটি সাদা রঙের ছোট পিকআপ ভ্যান বস্তা বোঝাই রেশনের মাল নিয়ে পুরুলিয়ার দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই পুলিশ দলটি রাস্তায় নাকা চেকিং শুরু করে। বিকেল সোয়া পাঁচটা নাগাদ একটি সাদা রঙের পিকআপ ভ্যানকে আসতে দেখেন পুলিশ কর্মীরা। পুলিশের নাকা চেকিং দেখে ওই স্থানে মাল বোঝাই গাড়ি ফেলে গাড়ির চালক পালিয়ে যায় বলে দাবি পুলিশের। এরপরই পুলিশের সন্দেহ দৃঢ় হয়। সূত্রের খবর অনুযায়ী গাড়ির বিবরণ মিলে যাওয়ায় পিকআপ ভ্যানটি পরীক্ষা করতেই দেখা যায়, তাতে বস্তা বোঝাই রেশনের মাল রয়েছে। মাল সহ গাড়িটি আটক করে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায়, ওই গাড়িটিতে রেশনের গম বোঝাই ৬৫ টি বস্তা পাওয়া গিয়েছে। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে গম রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, ঝালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বনাথ সাউ-এর সাহায্যে রেশনের গমের বেআইনী কারবারে লিপ্ত গাড়িটির মালিক। বিশ্বনাথ সাউ স্থানীয় রেশন ডিলারদের কাছ থেকে অসৎ উপায়ে ও বেআইনী ভাবে রেশনের গম একত্রিত করে বলে দাবি পুলিশের। এরপরই এদিন গাড়ির পলাতক চালক, গাড়ির মালিক সহ বিশ্বনাথ সাউ-এর বিরুদ্ধে রেশন সামগ্রীর বেআইনি মজুত ও কারবারের অভিযোগ দায়ের করে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page