নিজস্ব সংবাদদাতা, বরাবাজার ও পুরুলিয়া, বুধবার, ১৩ জুলাই ২০২২ঃ

বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজে চলতি শিক্ষা বর্ষ থেকেই স্নাতক স্তরে কুড়মালি ভাষায় পঠনপাঠন চালু হচ্ছে। কলেজ সূত্রে খবর, ২০২২-২৩ শিক্ষা বর্ষ থেকেই কলেজের স্নাতক স্তরে কুড়মালি ভাষা শিক্ষার সাময়িক (প্রভিশনাল) অনুমোদন দিয়েছে সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আদিবাসী কুড়মি সমাজের দীর্ঘদিনের দাবি এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিদর্শনের পর বিশ্ববিদ্যালয় কুড়মালি ভাষায় পঠনপাঠনের এই প্রভিশনাল অনুমোদন দেয়। আপাতত এই বিষয়ে পঠনপাঠনের জন্য বিক্রম টুডু মেমোরিয়াল কলেজে ৫০ টি সিট বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক তপন কুমার হাজরা এই মর্মে লিখিত চিঠি দিয়েছেন বিক্রম টুডু মেমোরিয়াল কলেজ কর্তৃপক্ষকে বলেও জানা যায়। এ বিষয়ে আদিবাসী কুড়মি সমাজের বরাবাজার ব্লক কমিটির সদস্য প্রভাকর মাহাতর সঙ্গে এদিন কথা বলা হলে তিনি জানান, খবরটা শুনেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এজন্য এদিন ধন্যবাদও জানিয়েছেন প্রভাকর বাবু।

শেয়ার করুন

You cannot copy content of this page