নিজস্ব সংবাদদাতা, হুড়া, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ

মদ্যপ অবস্থায় অত্যন্ত বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে এক লরি চালককে গ্রেফতার করল হুড়া থানার পুলিশ। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে হুড়া থানার শামুকগোড়িয়ায় পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালকের নাম কিশোর গোপ (৪৬)। বাড়ি টামনা থানার চাকলতোড়ে। জানা গিয়েছে, ওই দিন রাতে হুড়া থানার পুলিশের একটি দল হুড়া বাজারের কাছে পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়কে নজরদারিতে ছিলেন। সেসময় পুরুলিয়ার দিক থেকে একটি লরিকে অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়া ভাবে আসতে দেখে পুলিশ লরিটিকে দাঁড়াতে বললে লরির চালক গতি আরো বাড়িয়ে বিপজ্জনক ভাবে গাড়ি চালিয়ে পাশ কাটিয়ে পালায়। কর্তব্যরত পুলিশ দলটি লরিটির পিছু ধাওয়া করে শামুকগোড়িয়ার পথের সাথী হোটেলের কাছে লরিটিকে আটকাতে সক্ষম হয়। এরপর লরির চালক কিশোর গোপকে এত দ্রুত গতিতে ও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারন সম্পর্কে জিজ্ঞাসা করে কোন সদুত্তর মেলেনি বলে দাবি পুলিশের। তার সঙ্গে কথা বলে তাকে নেশাগ্রস্ত বলেও সন্দেহ হয় পুলিশের। এরপর হুড়া হাসপাতালে তাকে পরীক্ষা করানো হলে, সে মদ্যপ ও নেশাগ্রস্ত বলে সেখানে চিকিৎসকও রিপোর্ট দেন বলে দাবি করে পুলিশ। জানা গিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদে গাড়ির নথির ফটোকপি দেখায় চালক কিশোর গোপ। কোন প্রকৃত নথি দেখাতে পারে নি সে। এরপরই লরি সহ তাকে আটক করে হুড়া থানার পুলিশ। লরিটিতে আয়রণ ওর বোঝাই করা ছিল বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page