নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ

অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর সহ তার চালককে গ্রেফতার করল কোটশিলা থানার পুলিশ। মঙ্গলবার রাত ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেগুনকোদর বাজারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চালকের নাম গৌতম গোপ (২৩)। তার বাড়ি আড়ষা থানার বৃদ্ধিটাঁড়ে। জানা গিয়েছে ওইদিন রাত ৮ টা নাগাদ বেগুনকোদর বাজারে কর্তব্যরত ছিল কোটশিলা থানার পুলিশের একটি দল। রাত সাড়ে আটটা নাগাদ বালি বোঝাই ওই ট্রাক্টরটিকে বড়তোলিয়ার দিক থেকে বেগুনকোদর বাজারের দিকে আসতে দেখা যায়। কর্তব্যরত পুলিশ দলকে দেখে চালক পালাতে চেষ্টা করতেই পুলিশের সন্দেহ বাড়ে। পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০০ সিএফটি নদীর বালি বোঝাই ছিল ট্রাক্টরটিতে। যার কোন বৈধ নথি দেখাতে পারে নি চালক। এমনকি বালি উত্তোলনেরও কোন বৈধ নথি সে দেখাতে পারে নি। পুলিশি জিজ্ঞাসাবাদে চালক গৌতম গোপ অবৈধ উপায়ে বালি ট্রাক্টরে বোঝাই করা হয়েছে বলে স্বীকারও করে নেয় বলে দাবি কোটশিলা থানার পুলিশের। আরো দাবি ট্রাক্টর মালিকের সঙ্গে মিলে অবৈধ বালির কারবার করে চালক বলেও জানতে পারে গিয়েছে। এরপরই ওইদিন রাত ৯ টা নাগাদ বালি বোঝাই ট্রাক্টর সহ চালককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

শেয়ার করুন

You cannot copy content of this page