নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ
২৪ ঘন্টারও কম সময়ে পুরুলিয়া শহরের নডিহা বারোয়ারি কালী মন্দির থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার পুরুলিয়া শহরের দুই যুবক। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে লোহার গ্রিল ভেঙে ওই মন্দির থেকে মা কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি যায় বলে অভিযোগ ওঠে। বুধবার ভোরে কমিটির সদস্যরা বিষয়টি জানতে পেরে সদর থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া সদর থানার পুলিশ। তড়িঘড়ি জোর তদন্তে নামে। বুধবার রাতের মধ্যেই সাফল্য আসে পুলিশি তদন্তে। রাত ১১ টা নাগাদ বামাল শহরের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ, বৃহস্পতিবারই দুই অভিযুক্তকে রিমান্ডে নিতে আদালতে তোলা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে মা কালীর মাথার মুকুট সহ বেশ কিছু গয়না উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অবশিষ্ট গয়না উদ্ধারের জন্য তল্লাশি জারি আছে বলে পুলিশের দাবি।


