নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ
ঝালদা-২ ব্লকের জিউদারু কোটশিলা কলেজে চলতি শিক্ষা বর্ষ থেকেই কুড়মালি ভাষায় তিন বছরের অনার্স কোর্সের পঠনপাঠন চালু করার দাবি জানালো আদিবাসী কুড়মি সমাজ। আজ, বৃহস্পতিবার সংগঠনের ঝালদা-২ ব্লক কমিটির পক্ষ থেকে কলেজের অধ্যক্ষকে এ বিষয়ে একটি দাবিসনদও পেশ করা হয়। প্রসঙ্গত, গত শিক্ষা বর্ষ থেকেই এই কলেজে স্নাতক স্তরে পাশ কোর্সে চালু হয়েছে কুড়মালি ভাষার পঠনপাঠন। একথা জানিয়ে এদিন সংগঠনের জেলা যুব সভাপতি ফাল্গুনি মাহাত বলেন, আমরা চাইছি এই শিক্ষা বর্ষ থেকেই কুড়মালিতে তিন বছরের অনার্সও চালু হোক। যে কারণে এদিন কোটশিলা কলেজের অধ্যক্ষের মাধ্যমে সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দাবি জানানো হয় বলে জানান ফাল্গুনি মাহাত। উপস্থিত ছিলেন ভৃগুরাম মাহাত, সুনীল মাহাত, বিভীষণ মাহাত প্রমুখ।


