নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ
একটি মোটরবাইক সহ ওই বাইকের তিন আরোহীকে আটক করল বান্দোয়ান থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম শম্ভু কর্মকার (৪৫), সুজন কর্মকার (২২) ও তুফান মন্ডল (২২)। তিনজনই বাঁকুড়া জেলার রাউতোড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, বুধবার দুপুর ১ টা নাগাদ বোরো থানার একটি পুলিশ দল মঙলা মোড়ে টহলদারির ডিউটিতে ছিলেন। সেসময় তাঁরা দেখেন একটি মোটর বাইকে চেপে ওই তিনজন উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছে। পুলিশ হাত দেখিয়ে তাদের দাঁড়াতে বললে তারা বাইকের গতি বাড়িয়ে বেপরোয়াভাবে পাশ কাটিয়ে পালায় বলে পুলিশের অভিযোগ। এরপরই তাদের ধাওয়া করে বান্দোয়ান-গালুডি রাস্তায় কুচিয়া ক্যাম্পের কাছে তাদের আটকাতে সক্ষম হয় পুলিশ। অত্যন্ত দ্রুত গতিতে ও বেপরোয়া বাইক চালানোর কোন সদুত্তর দিতে পারেনি আরোহীরা বলে দাবি পুলিশের। পুলিশের আরো দাবি, যেভাবে গতি বাড়িয়ে বেপরোয়া ভাবে বাইক চালিয়ে তারা পালায়, তাতে যেকোন সময় বিপদ ঘটতে পারত। এরপরই তাদের আটক করে পুলিশ।
শেয়ার করুন