নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ

সোমবার পর্যন্ত পুরুলিয়া জেলার জুনিয়র হাইস্কুল, হাই স্কুল ও উচ্চমাধ্যমিক স্কুলের ৯২৩ জন শিক্ষক উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি নিয়েছেন। জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতর একটি আর টি আই-এর জবাবে মঙ্গলবার একথা জানান শিক্ষা দপ্তরের জেলার বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা)। প্রসঙ্গত, গত ২৭ জুন তথ্য জানার অধিকার আইনে জেলা শিক্ষা দপ্তর (মাধ্যমিক) – এর কাছে নেপাল মাহাত জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বদলির সংখ্যা জানতে চেয়ে চিটি দেন। তারই উত্তরে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা) জানান, এই ৯২৩ জনের মধ্যে ৩১৮ জন শিক্ষক জেলার মধ্যেই অন্যান্য স্কুলে বদলি নিয়েছেন এবং ৬০৫ জন শিক্ষক বদলি নিয়ে জেলার বাইরে চলে গিয়েছেন। জেলার স্কুল পরিদর্শক নেপাল বাবুর চিঠির উত্তরে আরো জানান, উৎসশ্রীতে বদলি হওয়া শিক্ষকরা কতজন কোন কারণে বদলি নিয়েছেন, পৃথক পৃথকভাবে তার বিস্তারিত সংখ্যা তাত্ত্বিক তথ্য জেলা শিক্ষা দপ্তরের কাছে নেই। অবশ্য জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) জানান, মোট ১২১৪ টি বদলির আবেদন পত্র পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে পাঠায় পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তর। যার মধ্যে ৬৫১ টি আবেদন পাঠানো হয় মেডিক্যাল গ্রাউন্ডে বদলির, বিবিধ কারণে ৪৭৯ টি আবেদন পত্র, ৫৯ টি শারিরীক প্রতিবন্ধীদের আবেদন, ২৪ জন মহিলা প্রার্থীর আবেদন পত্র পাঠানো হয় স্পেশাল গ্রাউন্ডে বদলির জন্য এবং ১ জনের বদলির আবেদন পত্র পাঠানো হয় ৫৭ বছরের অধিক বয়সের কারণে।

শেয়ার করুন

You cannot copy content of this page