নিজস্ব সংবাদদাতা, আনাড়া, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ
ঘর পালানো দুই নাবালককে ট্রেন থেকে উদ্ধার করল আনাড়া আরপিএফ পোস্ট। জানা গিয়েছে, ওই দুই নাবালকের নাম সজন মাঝি (১২) এবং বিজয় মাঝি (১৩)। দুজনেরই বাড়ি পাড়া থানার অন্তর্গত শ্যামপুরের সিনেমা হলের কাছে। আনাড়া আরপিএফ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, শুক্রবার বিকেল সোয়া চারটে নাগাদ পুরুলিয়া থেকে হাওড়া গামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন আনাড়া স্টেশনে পৌঁছলে আরপিএফ পোস্টের পুলিশ ট্রেনের কামরার ভেতর ঢোকেন চেকিং-এর জন্য। সেসময়ই একটি কামরায় ওই দুই নাবালককে উদ্দেশ্যহীন ভাবে ও উদ্ভ্রান্তের মত বসে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। তাদের সঙ্গে আলাপের ছলে কথা বলে পুলিশ জানতে পারে তারা দুজনেই বাড়িতে বাবা-মার সঙ্গে কথা কাটাকাটির পর বাড়ি থেকে পালাতে ট্রেনে চেপে বসেছে। এরপরই ট্রেন থেকে উদ্ধার করে তাদের আনাড়া আরপিএফ পোস্টে নিয়ে আসা হয়। সেখানে তাদের খাবার খাওয়ানো হয়। পরে তাদের সাথে ক্যারম বোর্ডও খেলেন আনাড়া আরপিএফ থানার পুলিশ। এদিনই চাইল্ড লাইনের মাধ্যমে তাদের আদ্রার মণিপুর হোমে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে।


