নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ

মাত্র ৬ দিনেই পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত কানালী গ্রামের বাসিন্দা মদন পান্ডে ও তাঁর পুত্র কানাই পান্ডের খুনের কিনারা করল পুরুলিয়া জেলা পুলিশ। সিআইডি-র সহায়তায় পুরুলিয়া জেলা পুলিশ এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। আজ, শনিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান এদিনই একটি সাংবাদিক বৈঠক করে একথা জানান। জানা গিয়েছে, ধৃতদের নাম দিনেশ পাশি, মান্ডিল ভিবলোর এবং মনয় বেদ। এদের মধ্যে দিনেশ পাশির বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের বোকারোর বীরসাতে। অপর দুজন যথাক্রমে পশ্চিম বর্ধমানের কুল্টির জেমারি বাসুদেবপুর এবং জেমারি সালানপুরের বাসিন্দা।

প্রসঙ্গত, গত ৯ জুলাই রাত্রে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত কানালী গ্রামে যাওয়ার রাস্তায় পেট্রোল পাম্পের কাজ সেরে মোটরবাইকে বাড়ি ফেরার পথে কানালীর বাসিন্দা মদন পান্ডে ও তাঁর পুত্র কানাই পান্ডের পথ আটকে প্রথমে তাঁদের লুঠ করা হয় ও পরে নৃশংস ভাবে পিতা-পুত্রকে খুন করে দুষ্কৃতিরা। ঘটনার পরদিনই সকালে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো সহ দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে আইমুন্ডিতে পুরুলিয়া-রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। তদন্তে পুরুলিয়া জেলা পুলিশকে সাহায্য করে সিআইডি-র তদন্তকারী অফিসারেরাও। ৬ দিনেই খুনের কিনারা করে পুলিশ।

এদিন পুলিশ জানায়, লুঠ করায় বাধা দেওয়ার কারনেই পিতা-পুত্রকে খুন করেছে দুষ্কৃতিরা। মূলত লুঠ করার উদ্দেশ্যেই অভিযুক্তরা ওইদিন রাতে মোটরবাইক আরোহী পিতা-পুত্রের পথ আটকায়। মদন পান্ডে ও তাঁর পুত্র কানাই পান্ডে লুঠে বাধা দেওয়াতেই নৃশংস ভাবে তাঁদের খুন করে এই তিন দুষ্কৃতি বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page