নিজস্ব সংবাদদাতা, হুড়া, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ
বাড়িতে ঢুকে নগদ ৬ হাজার টাকা চুরি করে বাড়ি মালিকের হাতে ধরা পড়ে চোর। কিন্তু বাড়ি মালিককে সজোরে আঘাত করে আবার হাত ফসকে পালাতেও সক্ষম হয়। গত সপ্তাহের শুক্রবার ঘটনাটি ঘটেছে হুড়া থানার শ্যামলুটা গ্রামে। গ্রামের বাসিন্দা মঙ্গল মুর্মু শুক্রবার হুড়া থানায় লিখিত অভিযোগে জানান, গত ৮ জুলাই রাত সাড়ে ১২ টা নাগাদ তাঁর বাড়িতে অস্বাভাবিক শব্দে ঘুম ভেঙ্গে যায়। দেখেন, গ্রামেরই সত্য চন্দ্র মান্ডি প্রাচীর টপকে বাড়ি ঢুকেছে। এমনকি সত্যর হাতে নিজের বাড়িতে গচ্ছিত ৬ হাজার টাকাও দেখেন মঙ্গল বাবু। তিনি বুঝতে পারেন টাকা চুরি করে পালাতে চায় সে। তখন সত্যকে ধরে ফেলেন এবং চিৎকার করতে থাকেন মঙ্গল মুর্মু। কিন্তু তাঁকে সজোরে আঘাত করে সত্য টাকা নিয়ে পালায় বলে অভিযোগ মঙ্গল মুর্মুর। পরদিনই তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে ঘটনার বিষয়ে জানালেও কোন সুরাহা না হওয়ায় শুক্রবার তিনি হুড়া থানার দ্বারস্থ হন বলে মঙ্গল মুর্মুর দাবি।
শেয়ার করুন