নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ

সরকারি প্রকল্পের মুরগি-ছানা বিতরণকারীকে প্রথমে তরোয়াল দেখিয়ে শাসানো ও পরে কিল-ঘুষি সহযোগে মারধরের অভিযোগ উঠল বলরামপুরে। বলরামপুরের মাড়াইডির বাসিন্দা জগন্নাথ মাহাত গতকাল, শুক্রবার মাড়াইডিরই বাসিন্দা রূপচাঁদ মাহাতর বিরুদ্ধে বলরামপুর থানায় লিখিত অভিযোগে একথা জানান। জানা গিয়েছে, আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার বিএলডিও অফিসের নির্দেশ মত মাড়াইডির হরি মন্দির সংলগ্ন এলাকায় গ্রামের মহিলাদের সরকার প্রদত্ত মুরগি-ছানা বিতরণ করছিলেন জগন্নাথ বাবু। সেসময় গ্রামেরই রূপচাঁদ মাহাত তরোয়াল নিয়ে সেখানে এসে তাঁকে শাসাতে থাকেন। উপস্থিত গ্রামবাসী তার হাত থেকে তরোয়াল কেড়ে নিলে রূপচাঁদ মাহাত কিল ঘুষি সহযোগে তাঁকে প্রচন্ড মারধর করেন বলে দাবি জগন্নাথ মাহাতর। ঘটনার সত্যতা যাচাই করছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page