নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, রবিবার, ১৭ জুলাই ২০২২ঃ
২১ জুলাই কলকাতার ধর্মতলায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ। জেলার প্রতিটি ব্লক, প্রতিটি অঞ্চল জুড়ে গত মাস খানেকের অধিক সময় ধরে চলছে তারই প্রস্তুতি সভা। কোথাও জনসভা, কোথাও পথসভা আবার কোথাও কর্মীসভার মাধ্যমে জেলা তৃণমূল আয়োজন করছে এইসমস্ত প্রস্তুতি সভাগুলি। গতকাল, শনিবার নিতুড়িয়ার ভামুরিয়া শশীমুখী বিদ্যালয়ে শহীদদের স্মরণে একটি রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে প্রস্তুতিসভার আয়োজন করা হয়। জানা গিয়েছে, ৪০ জন মহিলা সহ মোট ৫১ জন এদিন স্বেচ্ছা রক্তদান করেন এই শিবিরে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। নিতুড়িয়া ব্লক তৃণমূল মাইনোরিটি সেলের সদস্য শেখ জান্নাত এদিন বলেন, বিভিন্ন ব্লক ও অঞ্চলে বিভিন্নভাবে প্রস্তুতি সভার আয়োজন করা হচ্ছে। জেলার প্রতিটি ব্লক এবং প্রতিটি অঞ্চলের কর্মী সমর্থকরা ২১ জুলাই-এর সমাবেশে ধর্মতলায় হাজির থাকার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। তিনি আরো বলেন, আশা করা যাচ্ছে বিপুল সংখ্যায় জেলার মানুষ দলীয় সুপ্রিমোর বার্তা শুনতে সেদিন কলকাতা পৌঁছবেন।



