নিজস্ব সংবাদদাতা, মানবাজার, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ঃ
জমি-বাড়ি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে এক ব্যক্তির বাড়ির চালা ভেঙে ধান-চাল লুঠ করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করল মানবাজার থানার পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে মানাবাজার থানার অন্তর্গত মাঝিহিড়ার বারী গ্রামে। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ বারী গ্রামের বাসিন্দা বৃহস্পতি কুম্ভকারের বাড়িতে লাঠিসোটা নিয়ে ঢুকে ধান-চাল লুঠ করার পাশাপাশি বাড়ির চালাও ভেঙে দেয় গ্রামেরই ৪ জন বাসিন্দা। রবিবারই গ্রামের সাধন কুম্ভকার, ভজন কুম্ভকার, সরন কুম্ভকার ও বাবলু কুম্ভকারের বিরুদ্ধে এই মর্মে মানবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃহস্পতি কুম্ভকার। অভিযোগকারীর দাবি, তিনি যে বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবার সহ বসবাস করছেন, সেই বাড়ি ও সংলগ্ন জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে আদালতে মামলা চলছে। বাড়ি না ছাড়লে অভিযুক্তরা প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ। ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেয়ার করুন