নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ঃ
অবিলম্বে জেলার সমস্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ, শিক্ষক নিয়োগে দুর্নীতি মুক্ত স্বচ্ছ পদ্ধতি অবলম্বন, অবিলম্বে বকেয়া মহার্ঘভাতা প্রদান সহ একগুচ্ছ দাবি নিয়ে আজ জেলা শিক্ষা দপ্তরের চত্বরে যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করল সারা বাংলা শিক্ষক সংগঠন (এবিটিএ) ও সারা বাংলা প্রাথমিক শিক্ষক সংগঠন (এবিপিটিএ)-এর পুরুলিয়া জেলা কমিটি। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা জেলার বিদ্যালয়গুলি থেকে বদলি নিয়ে অন্যত্র চলে গিয়েছেন। ফলে জেলার সিংহভাগ স্কুল নামমাত্র শিক্ষক-শিক্ষিকা নিয়ে চরম সঙ্কটের মুখে পড়েছে। ইতিমধ্যে বামদলগুলি সহ অন্যান্য বিরোধী দলগুলিও এনিয়ে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ প্রদর্শন করছে। এদিন এবিটিএ-এর জেলা সম্পাদক ব্যোমকেশ দাস বলেন, জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলি চরম শিক্ষক সঙ্কটে পড়েছে। প্রায় ২২০০ শূন্যপদ রয়েছে জেলাতে। ব্যোমকেশ বাবু আরো বলেন, অবিলম্বে প্রতিটি বিদ্যালয়ে বিষয় ভিত্তিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের মাধ্যমে পঠনপাঠনের ব্যবস্থা চালু করার বিষয়ে আমরা সংগঠনের পক্ষ থেকে দাবি জানিয়েছি। এবিপিটিএ-এর জেলার সভাপতি নিলয় মুখার্জি বলেন, শিক্ষক সঙ্কটে প্রাইমারি ও হাইস্কুল উভয় স্তরেই জেলার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জেলার স্কুলগুলি থেকে অনৈতিকভাবে বদলি করা হয়েছে শিক্ষকদের। তাঁদের দুজনের আরো দাবি, শিক্ষক নিয়োগে দুর্নীতি মুক্ত স্বচ্ছ পদ্ধতি অবলম্বন করতে হবে সরকারকে। তাঁরা আরো বলেন, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও ৩১ শতাংশ মহার্ঘভাতা বকেয়া রয়েছে। অবিলম্বে সেই বকেয়া মহার্ঘভাতা প্রদানেরও দাবি এদিন জানানো হয়েছে বলে সংগঠন সূত্রে খবর। এদিন শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশে নিজেদের বক্তব্যে ব্যোমকেশ দাস ও নিলয় মুখার্জিরা বলেন, শিক্ষা দপ্তর দুর্নীতিতে ভরে গিয়েছে। সর্বস্তরে এই দুর্নীতি বন্ধ করতে হবে। এদিন একগুচ্ছ দাবি নিয়ে দাবি সনদও পেশ করা হয় এই দুটি বামপন্থী শিক্ষক সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে।




