নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২০ জুলাই ২০২২ঃ
২৪ ঘন্টা পরেই কলকাতার ধর্মতলায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। তাই আজ ভোর থেকেই দলে দলে দলীয় কর্মীদের পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা করছেন দলের জেলার নেতা-নেত্রীরা। দলীয় সূত্রে খবর, এদিন ভোর থেকে বাস, গাড়ি ও ট্রেনে দলে দলে কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এমনকি তাঁদের রওনা করতে বাসস্ট্যান্ড ও স্টেশনে জেলার নেতা-নেত্রীরা পর্যন্ত উপস্থিত থাকছেন। উপস্থিত থাকছেন স্বয়ং সুজয় বন্দ্যোপাধ্যায়, নিয়তি মাহাত, সুষেন মাঝি, মীরা বাউরিদের মত দলের প্রথম সারির নেতা-নেত্রীরা। দলীয় সূত্রে দাবি, দুবছর করোনা পরিস্থিতি কাটিয়ে এবার দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ বহুগুণ বেশি। ফলে বিপুল সংখ্যক মানুষ জেলা থেকে যাচ্ছেন এবার। গোটা বিষয়টি সুষ্ঠ ভাবে করতে গতকাল (মঙ্গলবার) থেকেই ধাপে ধাপে কর্মীদের পাঠানো শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে পুরুলিয়া-কোলকাতা রূপসী বাংলা এক্সপ্রেসেও জেলা থেকে বহু কর্মী কলকাতা চলে গিয়েছেন। স্টেশনে তাঁদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। শুধু তাই নয়। রবি এবং সোমবারও শতাধিক দলীয় কর্মী জেলার বিভিন্ন প্রান্ত থেকে গিয়েছেন। তাঁদের স্বেচ্ছাসেবকের ডিউটির জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দলের রাজ্য কমিটি রাজ্যের সমস্ত জেলা থেকেই কিছু সংখ্যক দলীয় কর্মীদের স্বেচ্ছা সেবক হিসেবে পাঠাতে বিভিন্ন জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছিল। সেইমতো পুরুলিয়া থেকেও শতাধিক কর্মীদের স্বেচ্ছা সেবকের ডিউটির জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়।
