নিজস্ব সংবাদদাতা, আদ্রা, বুধবার, ২০ জুলাই ২০২২ঃ
দীর্ঘ রক্তক্ষয়ী আত্ম বলিদানে পূর্ণ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে সেই আত্মত্যাগের উপাখ্যান বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে গত প্রায় এক বছর ধরে দেশের সরকার পালন করছে “আজাদি কা অমৃত মহোৎসব”। এরই অন্তর্গত দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন শুরু করেছে সপ্তাহ ব্যাপি “আজাদি কা রেল ও স্টেশন” কর্মসূচি। সোমবার এই সপ্তাহ ব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন ডিভিশনের ডিআরএম মনিষ কুমার। চলবে ২৩ তারিখ পর্যন্ত। সপ্তাহ ব্যাপি ডিভিশনের বিভিন্ন মুখ্য স্টেশন গুলিতে এই কর্মসূচির অধীন দেশপ্রেম বিষয়ক নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আদ্রা রেল সূত্রে জানা গিয়েছে। বুধবার ডিভিশনের সদর দপ্তর আদ্রা ও বাঁকুড়া স্টেশনে বীর শহীদ ক্ষুদিরামের আত্ম বলিদান ও ফাঁসির উপাখ্যান একটি পথ নাটিকার মাধ্যমে উপস্থাপিত করা হয়।



