নিজস্ব সংবাদদাতা, হুড়া, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ঃ
দাবি মত নগদ টাকা না দিলে বেসরকারি সংস্থাকে স্কুল চালাতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়ার পাশাপাশি ওই সংস্থার কর্তাদের হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ। মঙ্গলবার লধুড়কার দুই বাসিন্দা সুজিত ব্যানার্জি ও কল্যাণ চ্যাটার্জির বিরুদ্ধে ওই সংস্থার সেক্রেটারি ডা. কাঞ্চন গাবা হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে এরকমই জানিয়েছেন।জানা গিয়েছে, কোলকাতার একটি বেসরকারি সংস্থা হুড়া থানার বেলাবহালে একটি স্কুল চালায়। সংস্থার সেক্রেটারি, কাঞ্চন গাবা মাসে একবার করে বেলাবহালে এসে কর্মীদের বেতন দেওয়ার কাজটি করে চলে যান। অভিযোগ, রবিবার লধুড়কার বাসিন্দা সুজিত ব্যানার্জি বেলাবহালের ওই স্কুলে এসে সেক্রেটারির কাছে ৫০ হাজার টাকা ও মেয়ের চাকরির দাবি জানান। টাকা দিতে অস্বীকার করেন সেক্রেটারি। টাকা না দিলে সংস্থা স্কুল কিভাবে চালায়, সেটা দেখে নেওয়ার হুমকি দেয় সুজিত ব্যানার্জি বলে অভিযোগ। আরো অভিযোগ, এদিন (মঙ্গলবার) সেক্রেটারি ও সংস্থার সিইও ডা. সত্যম দে যখন গাড়িতে চেপে স্কুল থেকে বেরোচ্ছিলেন তখন লধুড়কারই আরেক বাসিন্দা কল্যাণ চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে সুজিত ব্যানার্জি তাঁদের গাড়ি আটকে দুজনকেই হেনস্থা করে।
শেয়ার করুন