নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ঃ
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা-চান্ডিল শাখার বরাভূম স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে একটি নাবালককে উদ্ধার করল বরাভূম স্টেশনের কর্মরত আরপিএফ ও রেল কর্মীরা। বুধবার রাত্রি ১০ টা নাগাদ স্টেশন চত্বরে ওই নাবালক উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল বলে জানা গিয়েছে। বিষয়টি আরপিএফ ও রেল কর্মীদের নজরে আসতেই তাকে বরাভূম স্টেশনের আরপিএফ পোস্টে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তার নাম বিট্টু কুমার। বাড়ি বিহারের নালন্দা জেলায়। বাড়িতে বাবার সঙ্গে ঝগড়াঝাটি হওয়ায় বাড়ি থেকে ট্রেনে চেপে সে পালিয়ে এসেছে বলেও জানতে পারে পুলিশ। এরপরই বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে গিয়ে ওই নাবালকের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে নাবালকটিকে। যতদিন না তার বাড়ির লোকজন এসে বিট্টুকে নিয়ে যাচ্ছে, ততদিন সে চাইল্ড লাইনের দাযিত্বেই থাকবে বলে জানিয়েছে পুলিশ।

