নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শুক্রবার, ২২ জুলাই ২০২২ঃ
জাতীয় সড়কে নির্মীয়মাণ ব্রীজের কাজ করতে করতেই ছোবল মারল সাপ। আর ছোবল খেয়েই সেই জ্যান্ত সাপ নিয়েই হাসপাতালে পৌঁছলেন যুবক। আজ দুঃসাহসিক এই ঘটনাটি ঘটেছে বলরামপুরে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার সবং-এর যুবক জয়দেব জানা বলরামপুর শহরের বরাবাজার রোড সংলগ্ন এলাকায় পুরুলিয়া-টাটা ৩২ নম্বর জাতীয় সড়কের বাইপাসে একটি নির্মীয়মাণ ব্রীজের কাজ করছিলেন। সেসময়ই তাঁকে ছোবল মারে একটি সাপ। ছোবল খেয়েই জ্যান্ত সাপটি ধরে ফেলেন জয়দেব। সাপটিকে নিয়েই তড়িঘড়ি চিকিৎসার জন্য পৌঁছন বলরামপুরের বাঁশগড় হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। বাঁশগড় হাসপাতালের চিকিৎসক জানান, সাপের কামড়ে যত জন মারা যান তাঁদের মধ্যে অধিকাংশই মারা যান আতঙ্কে। এদিন সাপের ছোবলের জ্বালা সহ্য করে যেভাবে ওই যুবক হাসপাতালে সাপ নিয়েই পৌঁছেছেন তা নজিরবিহীন, বলছেন চিকিৎসকরা।
