নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শুক্রবার, ২২ জুলাই ২০২২ঃ
দক্ষিণ-পূর্ব রেলের রাঁচি ডিভিশনের অন্তর্গত সুইসা আর পি এফ থানার উদ্যোগে আজ সুইসা নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল বৃক্ষ রোপন ও সচেতনতা শিবির। সরকারের “আজাদি কা অমৃত মহোৎসব” কর্মসূচির অধীন এই আয়োজন বলে কলেজ ও সুইসা আর পি এফ থানা সূত্রে জানা গিয়েছে। আর পি এফ থানার পক্ষে এদিন কলেজে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মানব পাচার রোখা, নারি ও শিশু সুরক্ষা, চলন্ত ট্রেনে সেল্ফি না তোলা, সচেতন হয়ে ট্রেন লাইন পারাপার করা সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন থানার ও সি রঘুবীর সিং। এছাড়াও চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ার মত ঘৃণ্য বিষয়ে সরাসরি থানাতে জানাতে টোল ফ্রি নম্বরেরও উল্লেখ করেন তিনি। কলেজের অধ্যক্ষা ডা. হরিপ্রিয়া পান্ডা ও রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক পবন মছুয়ার এদিন জানান, এই ধরনের শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিশেষ ভাবে উপকৃত হবে। কলেজের প্রতিভাবানেদের তুলে ধরতে এদিন তাঁরা আর পি এফ থানাকে যৌথ সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন। পরিবেশ রক্ষার্থে ও সবুজায়নের বার্তা পৌঁছে দিতে এদিন ২০ টি গাছের চারা কলেজ চত্বরে লাগানো হয়। আর পি এফ থানার ওসি সহ উপস্থিত পুলিশ কর্মীরা যেকোন প্রয়োজনে কলেজ কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এদিন।



