নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২২ জুলাই ২০২২ঃ

ধারালো অস্ত্র দিয়ে পুরুলিয়া পৌরসভার এক প্রাক্তন কাউন্সিলরকে আক্রমণের অভিযোগ উঠল পুরুলিয়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডে। ঘটনা মঙ্গলবারের। আঘাতে আহত ১৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পোকাবাঁধ পাড়ার সরষাবাড়ির বাসিন্দা সত্য বাউরি এই মর্মে পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ পোকাবাঁধ পাড়া এলাকার একটি সিনেমা হল (বর্তমানে বন্ধ)-এর নিকটবর্তী একটি লটারির দোকান থেকে টিকিট কেনার জন্য দাঁড়িয়েছিলেন সত্য বাবু। সেসময় ১৯ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা বুবাই বাউরি মদ্যপ অবস্থায় সেখানে এসে তাঁকে গালিগালাজ করতে থাকে এবং ২০০/- টাকা দেবার জন্য চাপ দিতে থাকে। সত্য বাবুর দাবি, সেই অস্বাভাবিক আচরণের হাত থেকে বাঁচতে টাকা দিতে অস্বীকার করে তিনি সেখান থেকে চলে যেতে উদ্যত হন। তখন বুবাই বাউরি তাঁর জামার কলার ধরে তাঁকে মারধর শুরু করে বলে সত্য বাবুর অভিযোগ। আরো অভিযোগ, মারধরের মাঝেই অভিযুক্ত “ক্ষুর জাতীয়” ধারালো অস্ত্র বের করে প্রাক্তন কাউন্সিলরকে লক্ষ করে এলোপাথাড়ি চালাতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ডান হাত কেটে যায়। এরপর হাসপাতালে গেলে ক্ষত স্থানে চিকিৎসক সেলাই করেন এবং ডান হাত ভেঙে গিয়েছে বলে সন্দেহে চিকিৎসক এক্সরে করাতেও বলেন বলে দাবি প্রাক্তন কাউন্সিলর সত্য বাউরির। বুধবার তিনি থানার দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page