নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ
পুরুলিয়া জেলা স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখালেন জেলার মহিলা স্বাস্থ্য কর্মীরা। আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ শো’র অধিক মহিলা স্বাস্থ্য কর্মী পুরুলিয়া সিএমওএইচ দপ্তরে স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখান। স্বাস্থ্য কর্মীদের অভিযোগ গতকালকেও সুইসা-তুনতুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মহিলা স্বাস্থ্য কর্মী রিঙ্কু গরাইকে অপমান করেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক। ওই স্বাস্থ্য কর্মী অবসাদে কাঁদতে থাকেন। এর জেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই মহিলা স্বাস্থ্য কর্মীর বলে, অভিযোগ। শুধু গতকালকের ঘটনাই নয়। এদিন স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখাতে এসে মহিলা স্বাস্থ্য কর্মীদের আরো অভিযোগ, নিত্যদিনই নাকি জেলার স্বাস্থ্য কেন্দ্রে আধিকারিকদের এরকম অপমান ও মানসিক নির্যাতন চলছে মহিলা স্বাস্থ্য কর্মীদের উপর। এদিন গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুনাল কান্তি দে।




