নিজস্ব সংবাদদাতা, আদ্রা, বুধবার, ২৭ জুলাই ২০২২ঃ

কুষ্ঠরোগীদের সন্তানদের নিয়ে গড়ে ওঠা রিহ্যাবিলিটেশন সেন্টার “উত্তরণ” বা মণিপুর আবাসিক হোম। সমাজের কাছে আজও ব্রাত্য এই হোমের সেইসব আবাসিক শিশু-কিশোরদের মাঝেই সোমবার নিজের ২৫ তম জন্মদিন পালন করলেন অর্পণ চট্টরাজ। বরং বলা যায় যাদুকর অর্পণ। আদ্রা ফ্রি থিঙ্কিং হিউম্যানিস্ট-এর সর্ব কনিষ্ঠ সদস্য অর্পণ চট্টরাজ আদ্রা সুভাষ পল্লীর বাসিন্দা। বাবা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী। সদ্য উত্তর প্রদেশের কানপুর থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়ে আদ্রা ফিরে এসেছেন অর্পণ। সেখানে পড়াকালীনই পাশাপাশি যাদু শিক্ষাও অর্জন করেন। জানিয়েছেন, এখনও পুরোপুরি পেশাদার যাদুকর হয়ে উঠতে পারেন নি। তবে ইচ্ছে আছে এটাকেই পেশা করে ভবিষ্যতে প্রতিষ্ঠা পাওয়ার। সোমবার আদ্রার মণিপুর হোমে নিজের যাদু বিদ্যা দেখিয়েই তিনি নিজের ২৫ তম জন্মদিন পালন করলেন। একেবারে যাদুকরের সুসজ্জিত কেতাবি পোশাক পরে হোমের শিশু-কিশোরদের একের পর এক যাদু দেখাতে থাকেন অর্পণ বাবু। সমাজের কাছে ব্রাত্য আবাসিকরাও যাদু দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। “এদের চোখে-মুখে যে প্রকৃত আনন্দ দেখলাম, এটাই জন্মদিনের সবচেয়ে বড় উপহার” বলে জানান যাদুকর। তবে শুধু যাদু দেখানোই নয়, আবাসিক শিশু-কিশোরদের জন্য থলি ভরে নিয়ে গিয়েছিলেন হরেক রকম উপহার। সেই “যাদুর পিটারা” খুলে সেসবও তুলে দেন শিশু-কিশোরদের হাতে।

শেয়ার করুন

You cannot copy content of this page