নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বুধবার, ২৭ জুলাই ২০২২ঃ
চালক সহ ঝালদা থানার পুলিশ আটক করল ৫০০ সি এফ টি অবৈধ নদীর বালি বোঝাই একটি ডাম্পার। ঝালদা থানার বিরসা মোড়ে ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রি ৮ টা নাগাদ। জানা গিয়েছে, ধৃত চালকের নাম লৌমেশ মাহাত (৪২)। বাড়ি ঝালদা থানার কুদলুং-এ। ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যের পর মোবাইল ডিউটিতে ছিল ঝালদা থানার পুলিশের একটি দল। সেসময়ই তাঁদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে বাঘমুন্ডি থানার সুবর্ণরেখা নদীর মারচা ঘাট থেকে একটি ডাম্পার বালি বোঝাই করে ঝালদা শহরের দিকে যাচ্ছে। খবর পেয়ে বিরসা মোড়ে নাকা শুরু করে পুলিশের দলটি। রাত্রি পৌনে ৮ টা নাগাদ প্রাপ্ত বিবরণ অনুযায়ী ডাম্পারটিকে আসতে দেখে পুলিশ। পুলিশ দেখেই গাড়ি ছেড়ে পালাতে শুরু করে চালক। ধাওয়া করে তাকে পাকড়াও করা হয় বলে দাবি পুলিশের। এরপরই গাড়ির ও বোঝাই করা বালির বৈধ নথি দেখতে চাওয়া হয় তার কাছে। গাড়ি বা বালি কোনকিছুরই বৈধ নথি চালক দেখাতে পারে না বলে জানিয়েছে পুলিশ। এরপরই ডাম্পার সহ ওই চালককে আটক করা হয়। পুলিশের অভিযোগ, গাড়ির মালিক ও চালক অবৈধ বালির কারবারের সঙ্গে যুক্ত।
শেয়ার করুন