নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, বুধবার, ২৭ জুলাই ২০২২ঃ

চোলাই মদ সহ এক অবৈধ চোলাই কারবারিকে গ্রেপ্তার করল বরাবাজার থানার পুলিশ। গতকাল (মঙ্গলবার) রাত্রি ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বরাবাজার থানার ভাগাবাঁধ গ্রামে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম দিলীপ গরাই (৩০)। বাড়ি ভাগাবাঁধ গ্রামেই। বরাবাজার থানা সূত্রে খবর, ১১ লিটার চোলাই মদ সহ ওই ব্যক্তির বাড়ি থেকেই তাকে আটক করা হয়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাত্রি ৭ টা নাগাদ বরাবাজার থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ দলের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে ভাগাবাঁধ গ্রামের বাসিন্দা দিলীপ গরাই তার বাড়ি থেকে স্থানীয়দের অতিরিক্ত মুনাফায় অবৈধ চোলাই বিক্রি করছে। খবর পেয়েই অভিযুক্তর বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, সেখানে পৌঁছে দেখা যায় ধৃত স্থানীয়দের মদ বিক্রি করছে। পুলিশ দেখেই খদ্দেররা ছুটে পালালেও দিলীপ গরাইকে ধরে ফেলে পুলিশ। অভিযোগ, ধৃতের বাড়ি থেকে ১১ লিটার চোলাই মদ সহ একটি জারিকেন উদ্ধার হয়। যার কোন বৈধ নথি সে দেখাতে পারেনি। এমনকি মদ বিক্রির কোন বৈধ অনুমতিও তার কাছে নেই। জিজ্ঞাসাবাদে ধৃত নিজের দোষ স্বীকার করে নিয়েছে বলে দাবি পুলিশের। এরপরই চোলাই সহ তাকে আটক করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page