নিজস্ব সংবাদদাতা, কেন্দা, বুধবার, ২৭ জুলাই ২০২২ঃ
বধূ হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করল কেন্দা থানার পুলিশ। প্রসঙ্গত, গতকাল (মঙ্গলবার) কেন্দা থানার অন্তর্গত কুচুং গ্রামের গৃহবধূ তৈমুন খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই পুরুলিয়া মফঃস্বল থানার দক্ষিণ বহালের বাসিন্দা তথা তৈমুন খাতুনের বাবা ফিরোজ আনসারি গতকালই কেন্দা থানায় তাঁর বড় মেয়ে তৈমুন খাতুনের স্বামী আলিহুসেন আনসারি, শ্বশুর রমজান আনসারি, ভাসুর আলাউদ্দিন আনসারি, শাশুড়ি আবেদন বিবি এবং জা সালেহা বিবির বিরুদ্ধে তাঁর মেয়েকে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, ২০২০ সালে দক্ষিণ বহালের বাসিন্দা ফিরোজ আনসারির বড় মেয়ে তৈমুন খাতুনের সঙ্গে কুচুং গ্রামের আলিহুসেন আনসারির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার শ্বশুরবাড়ির লোকেরা অতিরিক্ত পনের দাবিতে তৈমুনের উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালাতে থাকে বলে অভিযোগ। ফিরোজ আনসারির দাবি, তিনি অত্যন্ত গরীব। এই পরিস্থিতিতেও বিভিন্ন সময় তিনি তাঁর সাধ্যমত টাকাপয়সা তাঁর মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে এসেছেন। কিন্তু তাঁর মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকের অত্যাচার থামেনি বলে দাবি ফিরোজ আনসারির। আরো অভিযোগ, কয়েকদিন আগেই মেয়ে তাঁকে জানায় যে তার শ্বশুরবাড়ির লোকেরা একটি মোটরসাইকেল দেওয়ার জন্য তৈমুনকে চাপ দিতে থাকে। ফিরোজ আনসারির আরো দাবি, তাঁর মেয়ে কয়েকদিন আগেই নাকি তাঁকে এমনও জানায়, শ্বশুরবাড়ি থেকে তাকে ফিরিয়ে না আনলে তারা তৈমুনকে মেরে ফেলবে। এরপরই মঙ্গলবার তিনি তৈমুনের শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে জানতে পারেন তাঁর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা। এদিনই তিনি কেন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ফিরোজ আনসারির অভিযোগ, তৈমুনকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে তার শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে কেন্দা থানার পুলিশ।
শেয়ার করুন