নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২৭ জুলাই ২০২২ঃ
সোমবার সন্ধ্যায় সিএমওএইচ অফিস ফেরতা দুর্ঘটনায় মৃত তুনতুড়ি স্বাস্থ্যকেন্দ্রের সেকেন্ড এ এন এম রিঙ্কু গড়াইয়ের পরিবারের এক সদস্যকে চাকরিতে বহাল, মৃতার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান ও ওই মহিলা স্বাস্থ্য কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করা স্বাস্থ্য আধিকারিকের শাস্তির দাবিতে আজ (বুধবার) জেলার প্রায় ১৪০০ জনেরও বেশি স্বাস্থ্য কর্মী কর্ম বিরতি পালন করেন। সিএমওএইচ অফিসে এদিন অবস্থান বিক্ষোভও করেন তাঁরা। এদিন এএনএম, সিএইচএ, সিএইচও এবং এনএইচএম-এর অস্থায়ী কর্মীরাও আন্দোলনে যোগ দেন। জেলার ৪৮৫ টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রেখে এদিন কর্মবিরতি পালন কপেন কর্মীরা। পরে অবস্থানকারী স্বাস্থ্য কর্মীদের একটি প্রতিনিধি দল এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনার পর অবস্থান প্রত্যাহার করলেও অবিলম্বে দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার এদিন হুঁশিয়ারিও দেন স্বাস্থ্য কর্মীরা।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় সিএমওএইচ অফিস থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় তুনতুড়ি স্বাস্থ্যকেন্দ্রের সেকেন্ড এ এন এম রিঙ্কু গড়াইয়ের। সিএমওএইচ অফিসের দুই স্বাস্থ্য আধিকারিক সেদিন ওই মহিলা স্বাস্থ্য কর্মীকে মানসিক নির্যাতন করেছেন বলে অভিযোগ তুলে মঙ্গলবার দিনভর মৃতদেহ নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ দেখান স্বাস্থ্য কর্মীরা। জাতীয় সড়কও অবরোধ করেন। পরে পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আজ, বুধবার সকাল থেকে ফের আন্দোলন শুরু করেন স্বাস্থ্য কর্মীরা। সেকেন্ড এএনএম এমপ্লয়িজ অ্যাসোসিয়শনের পক্ষ থেকে সুস্মিতা রায় এদিন জানিয়েছেন, জেলার সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্র গুলি বন্ধ রেখে আমরা কর্মবিরতি পালন করছি। রিঙ্কু গড়াইয়ের ওপর যে দুজন আধিকারিক মানসিক নির্যাতন করেছিলেন তাঁদের শাস্তির দাবি জানানোর পাশাপাশি মৃতের পরিবারের চাকুরি এবং আর্থিক ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। এদিন অভিযুক্ত আধিকারিক বুদ্ধদেব মন্ডল ধর্নাস্থলে এসে ক্ষমাও চেয়েছেন। সমস্ত বিষয়ে সিএমওএইচের সঙ্গে কথা হয়েছে। তিনি স্বাস্থ্য কর্মীদের সঙ্গে আধিকারিকদের সমস্ত স্তরে খারাপ ব্যবহার বন্ধ করার আশ্বাস দিয়েছেন। এছাড়াও এক সপ্তাহের মধ্যে চাকুরির বিজ্ঞপ্তি বের করে ১৫ দিনের মধ্যে অস্থায়ী চাকুরির আশ্বাস দিয়েছেন। ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারও নিয়েছেন মৃতের পরিবারের কাছ থেকে। সুস্মিতাদেবী আরও বলেন, জেলা স্বাস্থ্য দপ্তরের ৩ জন ডেপুটি সিএমওএইচ, ওসি হেল্থ এবং নার্সিং সুপারকে নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। ৮ আগস্টের মধ্যে ওই কমিটি তদন্ত করে স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দেবে। তার ভিত্তিতেই আধিকারিদের শাস্তি দেওয়ার বিষয়টি ঠিক হবে বলে আশ্বাস দিয়েছেন সিএমওএইচ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের স্বাস্থ্য শাখার পুরুলিয়া জেলার কনভেনার মহম্মদ নিয়ামুল খান বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আশ্বাস দেওয়া বিষয়গুলি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। এবিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুনাল কান্তি দে বলেন, মৃতের পরিবারের চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। যে আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধেও তদন্ত করা হবে। একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ওই কমিটির রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট ভাবে বোঝা যাবে। কমিটির রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হবে।
শেয়ার করুন