নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ঃ

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পুঞ্চা থানার অন্তর্গত দেবগ্রামে। ঘটনায় পূর্ণাঙ্গ সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মৃতার পিতা। পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর নাম দিপালী গড়াই বয়স ২১ বছর। মৃতার স্বামী বিমল গড়াই জানান, পুঞ্চা থানার দেবগ্রাম গ্রামের নিজের বাড়িতে অসুস্থ ছিলেন ওই মহিলা। বুধবার ভোর রাত্রে তিনি জানতে পারেন তার স্ত্রী মারা গেছেন। মৃতার বাপের বাড়ির লোকজনেরা জানান, দিপালীর একটি তিন বছরের শিশু সন্তান রয়েছে। গত বুধবার রাত্রি দশটার সময় নপাড়া গ্রামে ফোন করে জানানো হয় যে তাঁদের মেয়ে অসুস্থ রয়েছে। পরে বৃহস্পতিবার সকাল বেলা জানানো হয় মারা গিয়েছেন দিপালী। ঘটনার কথা জানার পরই শোকের ছায়া নেমে আসে দিপালীর বাপের বাড়ির পরিবারে। পুঞ্চা থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনা জানার পরই মৃতদেহ উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। মেয়ের মৃত্যু মেনে নিতে পারেননি পিতা। মৃত্যুর সঠিক কারণ জানতে পুঞ্চা থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূর পিতা নবঘন গরাই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হসপিটালের মর্গে পাঠিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page