নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ঃ
শহরের বাসিন্দাদের একাধিক পুর পরিষেবা অনলাইনের মাধ্যমে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই পরিষেবা আরও ভালো করে পৌছে দিতে চাইছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। সেই লক্ষ্যেই বৃহস্পতিরার পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার পুরসভার চেয়ারম্যান সহ পুর আধিকারিকদের নিয়ে বৈঠক এবং ওয়ার্কশপ করল পুর দপ্তর। পুরুলিয়া সার্কিট হাউসে ওই ওয়ার্কশপ হয়। অনলাইনে পরিষেবা পেতে সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয় তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানাগিয়েছে।
পুর দপ্তর সূত্রে জানাগিয়েছে, এদিন পুরুলিয়া সার্কিট হাউসে পুরুলিয়া জেলার তিনটি পুরসভা, বাঁকুড়া জেলার তিনটি এবং ঝাড়গ্রামের একটি পুরসভার প্রতিনিধিরা যোগ দেন। সম্প্রতি শহরাঞ্চলের মানুষদের মিউটেশন, বিল্ডিং প্ল্যান, ট্রেড লাইসেন্সের মতো পরিষেবা অনলাইনে দেওয়া শুরু হয়েছে অধিকাংশ পুরসভাতেই। এই পরিষেবাগুলি পেতে আগে হয়রানির শিকার হওয়ার পাশাপাশি একাধিক জায়গাতে বিভিন্ন অভিযোগও মাঝে মাঝেই শোনা যেতো। তাই পুর পরিষেবা পাওয়ার ক্ষেত্রে টালবাহানা কমানো এবং স্বচ্ছতা আনতেই অনলাইনে পরিষেবা প্রদান শুরু হয়েছে। এদিনের বৈঠকের বিষয়ে পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালী বলেন, পুরুলিয়া জেলার ৩ টি পুরসভা সহ বাঁকুড়া ও ঝাড়গ্রাম মিলিয়ে মোট ৭ টি পুরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরুলিয়া পুরসভাতে ইতিমধ্যেই মিউটেশন, বিল্ডিং প্ল্যান, ট্রেড লাইসেন্স দেওয়ার কাজ অনলাইনের মাধ্যমেই শুরু হয়েছে। এই পরিষেবা আরও ভালো করে কিভাবে সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়া যায় সেই সংক্রান্ত প্রযুক্তিগত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ওই পরিষেবা গুলি সাইবার ক্যাফের মাধ্যমে পেতে গিয়ে সাধারণ মানুষকে অনেক সময় সমস্যায় পড়তে হচ্ছে। বেশি টাকা গুনতে হচ্ছে। তাই ওই পরিষেবাগুলি পুরসভার বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে যাতে সুষ্ঠভাবে সাধারণ মানুষ পেতে পারেন সেই প্রস্তাব দিয়েছি। এরজন্য বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের আরও প্রশিক্ষণ এবং পরিকাঠামো বাড়ানোর প্রস্তাব দিয়েছি। এদিনের বৈঠকে পুরুলিয়া ঝালদা পুরসভার পক্ষ থেকে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান কেউ উপস্থিত না থাকলেও পুরসভার আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এবিষয়ে ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার বলেন, ঝালদা পুরসভাতেও বেশকিছু পরিষেবা অনলাইনে দেওয়া শুরু হয়েছে। জন্ম মৃত্যর শংসাপত্র, বিল্ডিং প্ল্যান, ট্রেড লাইসেন্স অনলাইনে দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত মিউটেশন অনলাইনে করা সম্ভব হয়নি। চেয়ারম্যান বিষয়টি দেখছেন। ওই পরিষেবাও দ্রুততার সঙ্গে শুরু করার প্রক্রিয়া চলছে।
