নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ঃ

পুরুলিয়ায় করোনা আক্রান্তদের সুস্থতার হার বাড়ছে। একইসঙ্গে দ্রুতগতিতে কমছে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা। যা নিয়ে যথেষ্ট স্বস্তি মিলেছে জেলা স্বাস্থ্য দপ্তরের। দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত পুরুলিয়ায় অ্যাক্টিভ করোনা পজিটিভ ২৯৯ জন। দু-চার দিন আগেও যা প্রায় সাড়ে চারশো ছুঁয়ে ফেলেছিল। বৃহস্পতিবার পুরুলিয়াতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ জন। এদিন সুস্থ হয়েছেন ৭১ জন। জানা গিয়েছে, বৃহস্পতিবার মোট ৩৮৩ জনের করোনা পরীক্ষা (আরটিপিসিআর এবং আরএটি) করা হয়। যার মধ্যে ৪৫ জনের দেহে (১১.৪৯ শতাংশ) সংক্রমণ পাওয়া যায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দৈনিক নতুন সংক্রমণের হার ক’দিন আগেও যেখানে প্রায় ১৬ শতাংশ ছুঁয়ে ফেলেছিল, বৃহস্পতিবার সে তুলনায় এই হার অনেকটাই কম। ফলে যথেষ্ট স্বস্তি মিলেছে জেলা স্বাস্থ্য দপ্তরের বলে জানা গিয়েছে। তবে, সংক্রমণ নিয়ন্ত্রণে করোনা বিধি মেনে চলার পরামর্শ লাগু থাকছে স্বাস্থ্য দপ্তরের তরফে বলে এদিন জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page