নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ঃ
শুক্রবার ১৫ দফা দাবিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পুরুলিয়া জেলা কমিটি। এদিন প্রথমে পুরুলিয়া শহরের জুবলি ময়দানে জমায়েত হন আশাকর্মীরা। সেখান থেকে মিছিল করে তাঁরা সিএমওএইচ অফিসে পৌছন। বিশাল পুলিশ বাহিনী এদিন মিছিল নিয়ে সিএমওএইচ অফিসের গেটে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। যদিও সেই বাধা অতিক্রম করে আশাকর্মীরা অফিস চত্বরে প্রবেশ করেন। আশাকর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার দাবির পাশাপাশি মোট ১৫ দফা দাবি জানান আন্দোলনকারীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে জেলা জুড়ে কর্মবিরতি পালন করার হুঁশিয়ারিও দেন সংগঠনের নেত্রীরা।



