নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার, ৩০ জুলাই ২০২২ঃ

বলরামপুর ব্লকের ডাভা গ্রামের এক জওয়ান সেনাবাহিনীর “রাষ্ট্রীয় বীরতা” সম্মান পেল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ডাভা গ্রামের বিক্রম লোহার ভারতীয় রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আয়োজিত কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর বীরতা সম্মান প্রদানের একটি অনুষ্ঠানে বিক্রম লোহারকে “রাষ্ট্রীয় বীরতা” পুরস্কারে সম্মানিত করা হয়।

জানা গিয়েছে, গত ২৭ জুলাই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর মোট ১০৬ জন জওয়ানকে পুরস্কৃত করা হয়। যাঁদের মধ্যে রয়েছেন বলরামপুর ব্লকের ডাভা গ্রামের যুবক বিক্রম লোহার। উল্লেখ্য যে, গত ৩ রা জুন ২০২০ জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার কাঙ্গন এলাকায় একটি বাড়িতে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে ১৮২ ব্যাটালিয়ান সিআরপিএফ জওয়ানের একটি দল অভিযান চালায়। অভিযানকারি দলটি যখন ওই বাড়ির পাশে পৌঁছয় ঠিক তখনই ওই বাড়িতে আশ্রয় গ্রহন করা সন্ত্রাসবাদীরা দলের জওয়ানদের লক্ষ্য করে প্রচন্ড গুলিবর্ষণ শুরু করে। এই গুলি বর্ষণের মধ্যেই অভিযানকারি জওয়ানদের মধ্যে থেকে হাবিলদার কালে সুনীল দত্তাকরে, সিপাহী অমিত কুমার ও সিপাহী বিক্রম লোহার তাদের রণনীতি ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সন্ত্রাবাদীদের গুলির মোক্ষম জবাব দিয়ে লড়াই চালিয়ে তিনজন সন্ত্রাসবাদীকে মেরে ফেলেন বলে জানা গিয়েছে। তবে লড়াইয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে গুরুতর জখম হয়ে শহীদের মৃত্যু বরণ করেন কালে সুনীল দত্তাকরে। ২৭ তারিখ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর এই অনুষ্ঠানে বাহিনীর মহা নির্দেশক কুলদীপ সিং এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্তারা হাবিলদার কালে সুনীল দত্তাকরের সহধর্মিনীর হাতে বীর শহীদের পুরস্কার তুলে দেন বলে সূত্রের খবর। একইসঙ্গে ওই লড়াইয়ের আরো দুই বীর জওয়ান অমিত কুমার এবং বিক্রম লোহারকে এই বীরতা পুরস্কারে সম্মানিত করা হয় বাহিনীর পক্ষ থেকে। শনিবার বীরতা সম্মান প্রাপ্ত জওয়ান বিক্রম লোহার বলরামপুরের ডাভায় নিজের বাড়ি এলে তাঁকে স্বাগত জানান গ্রামবাসীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page