নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ৩ আগস্ট ২০২২ঃ

আজ (বুধবার) সকাল ১১ টা নাগাদ পুরুলিয়া পৌরসভায় হয়ে গেল সি আই সি-দের আনুষ্ঠানিক শপথ গ্রহণ। গত পরশু, সোমবারই সন্ধে ৬ টা নাগাদ পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি বিজ্ঞপ্তি জারি করে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীরণ রায়, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারী বিবি এবং ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ ডাগা, এই তিনজনের মধ্যে দপ্তর বন্টন করেন। এদিন এই তিন কাউন্সিলরই সিআইসি হিসেবে শপথ নেন। শপথ অনুষ্ঠানের শেষে পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, এতদিন সমস্ত কিছু একা মনিটরিং করতে হচ্ছিল। এরপর যদিও চেয়ারম্যানের তত্বাবধানেই পৌরসভার কাজকর্ম হবে, তবে বিভিন্ন দপ্তর বন্টন হওয়ায় কাজে সিআইসি-দের সহায়তা পাওয়া যাবে। ফলে কাজে আরো গতি আসবে বলে জানিয়েছেন নবেন্দু মাহালি।

অন্যদিকে পৌরসভার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না অধিকাংশ কাউন্সিলররা। সিআইসি গঠন ঘিরে যে তাঁদের ক্ষোভ রয়েছে, সেকথা স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা। ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিশঙ্কর দাস এদিন সরাসরি অভিযোগ তোলেন, এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে তাঁদের অফিসিয়ালি জানানো হয় নি। রবিশঙ্কর দাস ছাড়াও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনয় কবিরাজ, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন উপপুরপ্রধান বৈদ্যনাথ মন্ডল প্রমুখরা জানান, পৌরসভায় তাঁরা তাঁদের যোগ্য সম্মান পাচ্ছেন না। তবে মূলত কি বিষয়ে তাঁদের ক্ষোভ, তা নিয়ে মুখ খোলেননি কেউই। তাঁরা জানান, ক্ষোভের কারন বা বিষয় জেলাতে দলের উর্ধতন কর্তৃপক্ষকে তাঁদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পৌরপ্রধান নবেন্দু মাহালি এদিন বলেন, সিআইসি পাঁচজনের বেশি তো হতে পারে না। তবে আরো বেশ কিছু কমিটি ইত্যাদি গঠন বাকি রয়েছে, সেগুলিতে বাকিদের অংশগ্রহন করানো হবে বলে জানান তিনি। এমনকি পৌরপ্রধান চাইলে বোর্ড মিটিং-এ রিজলিউশন করে বেশ কিছু দায়িত্বে অন্যান্যদের নিতেই পারেন। এদিনের অনুষ্ঠানে কাউন্সিলরদের অনুপস্থিতি বিষয়ে পৌরপ্রধানের মত, অনেকেই ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেন নি।

এদিনই আবার পৌরসভার এই বিক্ষুব্ধ কাউন্সিলররা দল বেঁধে এসডিও সদরের দপ্তরেও গিয়ে মহকুমা শাসকের কাছে ক্ষোভের কথা জানিয়েছেন। অবশ্য এ বিষয়ে এসডিও সদর জানান, সামান্য কিছু ক্ষোভের বিষয় ছিল, তবে মূলত উন্নয়ন বিষয়ে আলোচনা করতেই নাকি এদিন তাঁর কাছে এসেছিলেন পুরুলিয়া পৌরসভার কাউন্সিলররা।

শেয়ার করুন

You cannot copy content of this page