নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৫ আগষ্ট ২০২২ঃ

গত এক বছর দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ। কেন্দ্রীয় সরকারের ঘোষিত “স্বাধীনতার অমৃত মহোৎসব”-এর এই উদ্যোগে সামিল বিভিন্ন সরকারি, আধা সরকারি ও সরকার অধীনস্ত সংস্থাও। কর্মসূচির অধীন ঘরে ঘরে দেশের জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। ডাক বিভাগের এই “হর ঘর তিরঙ্গা” কর্মসূচিতে পুরুলিয়া জেলার প্রতিটি ডাকঘর থেকেই বিক্রি করা হচ্ছে দেশের জাতীয় পতাকা। পুরুলিয়া মুখ্য ডাকঘরের পোস্ট মাস্টার সব্যসাচী রায় জানান, জেলার সমস্ত সাব পোস্ট অফিস এবং ডাক বিভাগের সমস্ত ব্রাঞ্চ গুলি থেকেই জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে। প্রতিটির মূল্য ২৫/- টাকা। মুখ্য ডাকঘরের বিভিন্ন কাউন্টার থেকেই গ্রাহকরা উৎসাহের সঙ্গে পতাকা কিনে নিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। একইসঙ্গে এদিন (শুক্রবার) থেকেই পুরুলিয়া মুখ্য ডাকঘরের বাইরে সর্বসাধারনের উদ্দেশ্যে জাতীয় পতাকা বিক্রির জন্যও একটি অস্থায়ী কাউন্টারও চালু করা হয় বলে জানিয়েছেন সব্যসাচী রায়। তিনি আরো বলেন, মূলত কেন্দ্রীয় সরকারের “স্বাধীনতার অমৃত মহোৎসব”-এ সামিল হতে এবং দেশের বৃহত্তর অংশের মানুষকে সামিল করতেই ডাক বিভাগের এই উদ্যোগ। মুখ্য ডাকঘর সূত্রে খবর, জাতীয় পতাকা প্রথমে কেন্দ্রীয়ভাবে মুখ্য ডাকঘরে আসছে। সেখান থেকে বিভাগের সাব অফিসগুলিতে ও সাব পোস্ট অফিসগুলি থেকে সংশ্লিষ্ট এলাকার ব্রাঞ্চেগুলিতে বিতরণ করা হচ্ছে বিক্রির জন্য। জানা গিয়েছে, জাতীয় পতাকার বিক্রি ভালো হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার জাতীয় পতাকা জেলাতে এসেছে। পুরুলিয়া জেলার জন্য আরো ৩০ হাজার জাতীয় পতাকা এক-দুদিনের মধ্যেই এসে পৌঁচচ্ছে বলেও মুখ্য ডাকঘর সূত্রে এদিন জানা যায়।

শেয়ার করুন

You cannot copy content of this page