নিজস্ব সংবাদদাতা, মানবাজার, শুক্রবার, ৫ আগষ্ট ২০২২ঃ
দুমাস ধরে নিখোঁজ এক বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাকে মানবাজার বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দিল মানবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানার দরবার ডাঙ্গার বাসিন্দা ওই মহিলার নাম মিঠু দে (২৪)। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধে নাগাদ মানবাজার বাসস্ট্যান্ডে ওই মহিলাকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মানবাজার থানার পুলিশ ওই মহিলাকে বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানায় নিয়ে আসার পর বুঝতে পারা যায় মহিলা বিশেষভাবে চাহিদা সম্পন্ন এবং একইসঙ্গে বাকশক্তিহীন। পুয়াবাগান-মানবাজার বাস থেকে স্থানীয়রা ওই মহিলাকে নামতে দেখেছেন খবর পেয়ে তড়িঘড়ি বাঁকুড়া সহ সীমান্তবর্তী জেলার থানা গুলিতে যোগাযোগ শুরু করে মানবাজার থানার পুলিশ। তবে বাকশক্তিহীন ও মানসিক ভারসাম্যহীন হওয়ায় পুলিশের জিজ্ঞাসাবাদে কিছুই বলতে পারেন না মহিলা বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, এমনকি ওই মহিলা কিভাবে মানবাজার পৌঁছলেন, তাও বলতে পারেন নি। জানা গিয়েছে, এরপরই ওই মহিলাকে তাঁর নাম ও ঠিকানা লিখতে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা তাঁর নাম এবং “দরবার ডাঙ্গা”, এই দুটি শব্দ লেখেন। সঙ্গে সঙ্গে দরবার ডাঙ্গার খোঁজ করে জানতে পারা যায় পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার অন্তর্গত এলাকা এটি। ব্যস, আর সময় নষ্ট করেনি পুলিশ। সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় জামুড়িয়া থানায়। মানবাজার থানার পুলিশ জানতে পারে প্রায় দু মাস ধরে নিখোঁজ রয়েছেন মহিলা। ওই মহিলার বাড়িতে খবর দেওয়া হয়। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় মহিলার বাবা পরেশ দে মানবাজার থানাতে পৌঁছলে তাঁর হাতে তুলে দেওয়া হয় ওই মহিলাকে। মহিলা বিবাহিত বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার নিখোঁজ মেয়েকে খুঁজে পেয়ে পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন পরেশ বাবু। যে তৎপরতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মানবাজার থানার পুলিশ মাত্র এক দিনের মধ্যেই নিখোঁজ মহিলাকে পরিবারের হাতে তুলে দিল, তাতে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মানবাজারবাসী।
শেয়ার করুন