নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, মঙ্গলবার, ৯ আগষ্ট ২০২২ঃ

আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতি বছর ৯ই আগস্ট পালন করা হয় এই দিবস। আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা প্রদানের স্বার্থে এই দিনটি পালন করার উদ্যোগ নেয় জাতিসঙ্ঘ। বিশ্বের অন্যান্য দেশের মতো আজ ভারতবর্ষের সর্বত্রই পালিত হচ্ছে এই দিনটি। একই সঙ্গে এরাজ্যের জঙ্গলমহলের অন্যতম জেলা পুরুলিয়াতেও পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। সরকারি ভাবে জেলার মূল অনুষ্ঠানটি এদিন বাঘমুন্ডী ব্লকের মাঠা বনাঞ্চলের সভাকক্ষে অনুষ্ঠিত হল। এছাড়াও জেলার বিভিন্ন ব্লকেও আজকের এই বিশেষ দিনটি মহা-সমারোহে পালন করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
১৯৯৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই দিনটি পালন করে আসছে বিশ্বের প্রায় চল্লিশ কোটি আদিবাসী। ১৯৯২ সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্মকর্তারা তাঁদের প্রথম সভায় আদিবাসী দিবস পালনের জন্য ৯ই আগস্টকে বেছে নেন। আদিবাসী জনগণের মানবাধিকার, পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করা ও গণসচেতনতা সৃষ্টি করাই বিশ্ব আদিবাসী দিবস পালনের মূল উদ্দেশ্য।

এদিন মাঠা বনাঞ্চলের সভাকক্ষে বিস্তারিতভাবে সে বক্তব্যই তুলে ধরলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারাণী টুডু ও বান্দোয়ান বিধানসভার বিধায়ক তথা জেলার আদিবাসী নেতা রাজীব লোচন সরেন ও বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা শাসক ডঃ রজত নন্দা, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page