নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বুধবার, ১০ আগষ্ট ২০২২:
আনাড়া আর পি এফ থানার পুলিশের তৎপরতায় স্টেশনের প্ল্যাটফর্মে অসাবধানতা বশত পড়ে যাওয়া মানি ব্যাগ ফেরত পেলেন রেলের এক যাত্রী। পুলিশ সূত্রে খবর, মানি ব্যাগটিতে প্যান ও আধার কার্ড সহ নগদ ৩৭৭০/- টাকা ছিল। যা এদিনই প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, আজ সকাল ৯ টা নাগাদ আনাড়া ২ নম্বর প্ল্যাটফর্মের মুখ্য ইয়ার্ড মাস্টারের অফিসের কাছে একটি বেঞ্চিতে ওই মানি ব্যাগটি পড়ে থাকতে দেখেন কর্তব্যরত আর পি এফ থানার পুলিশ কর্মী। তবে ওই বেঞ্চিতে বা আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ওই পুলিশ কর্মী যাতায়াতকারী যাত্রীদের জিজ্ঞাসা করতে থাকেন, মানি ব্যাগটি তাঁদের কি না। কিন্তু মানি ব্যাগের মালিককে খুঁজে না পেয়ে অবশেষে ব্যাগটি উদ্ধার করে আর পি এফ থানায় নিয়ে আসেন তিনি। ব্যাগ মালিকের হদিশ করতে থানায় সেটি খোলা হয়। দেখা যায় প্যান কার্ড, আধার কার্ড সহ সেটিতে নগদ ৩৭৭০/- টাকাও রয়েছে। উদ্ধার হওয়া আধার কার্ডে পাওয়া যায়, নাম শেক আয়াজুদ্দিন (৩২)। বাড়ি পাড়া থানার সাঁকরাতে। এরপর সোয়া দশটা নাগাদ এক ব্যক্তি আনাড়া আর পি এফ থানায় নিজের মানি ব্যাগের বিষয়ে খোঁজ নিতে আসেন। তাঁকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এদিন সকালে আনাড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ওই বেঞ্চিতে চক্রধরপুর-গোমো ট্রেন ধরার জন্য বসেছিলেন ওই ব্যক্তি। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই তাড়াহুড়ো করে ট্রেন ধরতে গিয়ে অসাবধানতায় মানি ব্যাগটি পড়ে গিয়েছে। ওই ট্রেনে তিনি আনাড়া থেকে ভাওরা যাচ্ছিলেন বলেও জানান ওই ব্যক্তি। বৈধ টিকিটও দেখান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গড়ধ্রুবেশ্বরের কাছে নিজের মানি ব্যাগটিখুঁজে না পেয়ে ওই স্টেশনে নেমে পড়েন। এরপর ওই ব্যক্তিই যে মানি ব্যাগটির আসল মালিক, সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরই ব্যাগটি তাঁর হাতে তুলে দেওয়া হয়। এদিন অসাবধানতা বশত জরুরি নথি ও নগদ সহ হারানো মানি ব্যাগটি ফিরে পেয়ে আনাড়া আর পি এফ থানার পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন ব্যাগটির মালিক শেক আয়াজুদ্দিন।
শেয়ার করুন