নিজস্ব সংবাদদাতা, আনাড়া, শনিবার, ১৩ আগষ্ট ২০২২ঃ

চলন্ত ট্রেনের বগির গেটের হাতল ধরে স্টান্ট করছিল এক ১৬ বছরের নাবালক স্কুল ছাত্র। আনাড়া রেল পুলিশের নজরে পড়তেই সহপাঠী সঙ্গী সহ তাকে নামানো হয়। অভিভাবকদের ডেকে ছেলের কীর্তিকলাপ বর্ণনা করার পাশাপাশি সম্ভাব্য বিপদের বিষয়েও বোঝায় আনাড়া রেল পুলিশ। পরে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার। জানা গিয়েছে, আদ্রার ডিভিসি কলোনির বাসিন্দা তথা পুরুলিয়া শহরের একটি বেসরকারি স্কুলের ছাত্র মহতাসিন ইকবাল (১৬) এবং তার সহপাঠী তথা আদ্রার লাল ডাঙার বাসিন্দা শ্যাম মাইকেল (১৬) গতকাল বিকেল সাড়ে ৪ টা নাগাদ পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা ট্রেনে ফিরছিল। সেসময় আনাড়া রেল পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীরা দেখতে পান ট্রেনের একটি বগির গেটের হাতল ধরে ঝুলতে ঝুলতে স্টান্ট করছে তাদের মধ্যে একজন। ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়াতেই দুজনকে ট্রেন থেকে নামায় রেল পুলিশ। বগির অন্যান্য যাত্রীদের কাছ থেকে পুলিশ জানতে পারে, পুরুলিয়া স্টেশন থেকেই দুজন গেটের হাতল ধরে স্টান্ট করতে করতে আসছে। এরপর তাদের রেল পুলিশ পোস্টে নিয়ে গিয়ে বসানো হয়। মোবাইল ফোনের মাধ্যমে তাদের অভিভাবকদের ঘটনা বিস্তারিত জানানোর পাশাপাশি সম্ভাব্য বিপদ সম্পর্কেও তাদের সচেতন করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই ছাত্র স্বীকার করেছে এই প্রথমবার তারা ভুল করে এধরণের কাজ করে ফেলেছে। এরপর তাদের দুজনকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন ঘটনার বিবরণ জানতে পেরে এবং বিপদের সম্ভাবনার কথা চিন্তা করে ওই দুই ছাত্রের অভিভাবকরা আনাড়া রেল পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page