নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৫ আগষ্ট ২০২২ঃ

পুরুলিয়া শহরের অলঙ্গিডাঙার দলীয় কার্যালয়ে আজ দেশের জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটি। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষারও শপথ নেন এরিয়া কমিটির সদস্যরা। কমিটির সম্পাদক নিলয় মুখার্জি, সদস্য জীতেন ওঝা, ব্যোমকেশ দাস প্রমুখরা জানান, এদিন দলের রাজ্য কমিটির নির্দেশে দলীয় কর্মসূচির অধীন দেশের ৭৫ বর্ষের স্বাধীনতা দিবসের উদযাপন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একইসঙ্গে দেশের নাগরিকদের ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক অধিকার, নাগরিক স্বাধীনতা, সংসদীয় যুক্তরাষ্ট্র কাঠামো ও সার্বিকভাবে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার শপথ বাক্য পাঠ করানো হয় এরিয়া কমিটির সদস্যদের। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের কর্মসূচির অধীন দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিতে এদিন রাজ্যজুড়ে সমস্ত এরিয়া কমিটিতে সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। আরো জানা গিয়েছে, বামপন্থী মুখপত্রে এদিন কেন্দ্রীয়ভাবে সদস্যদের উদ্দেশ্যে এই শপথ বাক্য মুদ্রিত আকারেও প্রকাশিত হয়েছে।

এদিনই পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে সিপিআইএম-এর পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগেও দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন সিপিআইএম-এর পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায়।

শেয়ার করুন

You cannot copy content of this page