নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৭ আগষ্ট ২০২২ঃ

শেষ পর্যন্ত একগুচ্ছ শর্ত পূরণের পৌর প্রতিশ্রুতির পর আজ থেকে আবার কাজে যোগদান করলেন পুরুলিয়া পৌরসভার সাফাই কর্মীরা। গতকাল (মঙ্গলবার) সারাদিন ধরে দফায় দফায় পৌরসভা চত্বরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। প্রসঙ্গত তাঁদের জুলাই মাসের বেতন মনসা পুজোর আগেই মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও তহবিলের অভাবে তা দিতে পারেনি পুরুলিয়া পৌরসভা। গত শনিবার থেকেই তাই শহর জুড়ে সাফাই কাজ বন্ধ করে দেন কর্মীরা। গতকাল (মঙ্গলবার) সকালে তড়িঘড়ি গাড়িখানা শেডে সাফাই কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন পৌরপ্রধান নবেন্দু মাহালি। তিনি জানান, আপাতত জন প্রতি দেড় হাজার টাকা করে দেবে পৌরসভা। অবশিষ্ট বেতন শীঘ্রই দিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। কিন্তু পৌরসভার এই সমাধানে রাজি হন না কর্মীরা। পুরো মাসের বেতন না পেলে তাঁরা কাজে যোগদান করবেন না বলে জানিয়ে দেওয়া হয় সাফাই কর্মীদের তরফে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পুরুলিয়া পৌরসভায় তাঁরা দফায় দফায় বিক্ষোভ দেখান বকেয়া বেতনের দাবিতে। অবশেষে আজ (বুধবার) সকালে পুনরায় গাড়িখানা শেডে কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন উপ পৌরপ্রধান ময়ুরী নন্দী। পৌরসভার সাফাই কর্মীদের তরফে সরোজ স্যামুয়েল এদিন জানান, একগুচ্ছ শর্তের ভিত্তিতে তাঁরা এদিন থেকে কাজে যোগ দিচ্ছেন। জানা গিয়েছে, ময়ুরী নন্দী এদিন কর্মীদের আপাতত জন প্রতি দেড় হাজার টাকা করে নিয়ে কাজ চালু রাখতে বলেন। পরিবর্তে কর্মীদের দাবি মত পৌরসভার পক্ষে তিনি কর্মীদের এদিন প্রতিশ্রুতি দেন, পুজোর আগে সমস্ত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার পাশাপাশি বোনাসও দেওয়া হবে সকলকে। সরোজ স্যামুয়েল বলেন, এছাড়াও আমরা কর্মীদের তরফে দাবি জানিয়েছি, নতুন করে কোন সাফাই কর্মীর নিয়োগ আপাতত চলবে না। এমনকি বিগত দিনে যে সমস্ত সাফাই কর্মীরা এককালীন অর্থের বিনিময়ে কাজ থেকে গোল্ডেন হ্যান্ডশেক নিয়ে চলে গিয়েছিলেন, এরকম প্রায় ২০০-র মত কর্মীদের পুনর্বহাল করা হয়েছে পৌরসভায়। তাদের অবিলম্বে কাজ থেকে বহিষ্কার করারও শর্ত এদিন বিক্ষোভকারীরা জানিয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টিও অবিলম্বে পৌরসভাকে বিচার করতে হবে বলে এদিন দাবি জানান কর্মীরা। এদিন বিক্ষোভকারীদের তরফে জানা গিয়েছে, বর্তমানে যে দেড় হাজার টাকা করে জন প্রতি রাশি প্রদান করা হল তাঁদের, তা যেন ভবিষ্যতে তাঁদের বেতন থেকে কেটে নেওয়া না হয়, সেই শর্তও এদিন পৌরসভাকে জানানো হয়েছে। এবিষয়ে ময়ুরী নন্দী বলেন, কর্মীরা এই দাবি জানিয়েছেন, তবে পৌরসভায় তা আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page