নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শুক্রবার, ১৯ আগষ্ট ২০২২ঃ
মনসা পুজোর শেষে আজ ঘট বিসর্জন দেখতে দর্শকদের ভিড় উপচে পড়ল ঝালদা সোনারপাড়া কৈবর্ত্য কমিটির মনসা পুজোর চত্বরে। বিগত দু’বছর করোনা পরিস্থিতির কারণে ঘট বিসর্জনের পাশাপাশি মহিলাদের সিঁদুর খেলায় পড়েছিল বাধা। এবছর সেই আতঙ্ক কাটিয়ে মহা উৎসাহে চিরায়ত প্রথা মাফিক সিঁদুর খেলাতেও মাতলেন স্থানীয় মহিলারা। জানা গিয়েছে, কৈবর্ত্য কমিটির মনসা পুজোর ঘট বিসর্জন ও সিঁদুর খেলা দেখতে প্রতি বছরই দূর দূরান্ত থেকেও বহু দর্শনার্থীদের ভিড় হয়। এবিষয়ে স্থানীয় সীমা কৈবর্ত্য ও বিশাল চ্যাটার্জিরা জানান, গত দুবছর কোভিড পরিস্থিতিতে উৎসবে ছেদ পড়েছিল। তবে এবার আবার সেই একই পূর্বের উৎসাহ দেখা গেল ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে। তাঁরা আরো বলেন, “মা কে যেতে দিতে মন মানছে না”। আবার একটি বছরের অপেক্ষা শুরু হবে বলে জানান স্থানীয়রা। বহিরাগত দর্শনার্থী সৃষ্টি সিং এদিন বলেন, এই মনসা পুজোর ঘট বিসর্জন ও সিঁদুর খেলার অনেক কথা শুনে দেখতে এসেছিলাম। খুব আনন্দ পেয়েছি। প্রতিবছরই আসবেন বলেও জানান তিনি।



