নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, মঙ্গলবার, ২৩ আগষ্ট ২০২২ঃ
বজ্রপাতে মৃত্যু হল এক বৃদ্ধার। আহত হয়েছেন আরো এক মহিলা ও এক ব্যক্তি। এছাড়াও এদিন বজ্রপাতে ১৯ টি গৃহপালিত ছাগলেরও মৃত্যু ঘটে। আজ ঘটনাটি ঘটেছে বরাবাজার ব্লকে।
জানা গিয়েছে, ব্লকের বানজোড়া পঞ্চায়েতের শিমুদুরি গ্রামের দুই মহিলা মাঠে ধান রোপনের কাজ করছিলেন। সেসময়ই বজ্রপাতে দুর্ঘটনাটি ঘটে। ওই দুই মহিলাকে উদ্ধার করে বরাবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে পুলিশ। সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃতার নাম কিরণ মাহাত (৬৫)। অপর মহিলা বরাবাজার হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
অন্যদিকে বরাবাজার ব্লকেরই সিন্দরী পঞ্চায়েতের ফতেপুরেও এদিন বজ্রপাতে আহত হন এক ব্যক্তি এবং মারা যায় ১৯ টি ছাগল। জানা গিয়েছে, ফতেপুর গ্রামের প্রান্তিক কুমারী নদীর তীরে ছাগল চরাতে গিয়েছিলেন ফুলচাঁদ মাহাত (৫০)। সেসময়ই বজ্রপাতে আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে বারি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। জানা গিয়েছে, ফুলচাঁদ মাহাতর ৭ টি এবং স্থানীয় ত্রিলোচন মাহাতর ১২ টি ছাগল বজ্রপাতে মারা পড়ে এদিন।
শেয়ার করুন